ঘোর বিপদে বলিউড। একের পর এক তারকার বাড়িতে হামলা ও ক্রমাগত হুমকির জেরে ত্রস্ত বি-টাউন। রোহিত শেট্টি থেকে রণবীর সিং প্রত্যেকেই এখন টার্গেট। বিনোদনের রসদ জোগানোর বদলে নিজের প্রাণ বাঁচানোর জন্য আকুল এখন বলি তারকারা। এবার এই গুরুতর সমস্যার সমাধান চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের দ্বারস্থ হল সিনে সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’। এই ঘটনায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকে চিঠি মারফত সিনে সংগঠনের তরফে এই বিষয়ে জানানো হয়। সংশ্লিষ্ট ইস্যু নিয়ে ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে সিনে সংগঠনের তরফে লেখা হয়, ‘সাম্প্রতিককালে ক্রমাগত বিনোদুনিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব হুমকি পাচ্ছেন আর নাহলে তাঁদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। মুহুর্মুহু এই ঘটনায় রীতিমতো ভীত ও সন্ত্রস্ত বিনোদুনিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকেটি মানুষ। যা শুটিং থেকে শুরু করে সমস্ত কাজ ব্যহত করছে। প্রাণভয়ে থাকছেন তারকারা। শুটিং ব্যহত হওয়ার জেরে টেকনিশিয়ান থেকে ফ্লোরের প্রত্যেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এভাবে বিষয়টি বাড়তে থাকলে ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সিনেমা বা বিনোদনমূলক যে কোনও কাজ করাই দুস্কর হয়ে পড়বে। এই ঘটনায় একান্তই আপনার মধ্যস্ততা চাইছি। যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়।’