মুক্তি পেল ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম টিজার

এক দশকেরও বেশি সময় পর আবার নতুন করে শুরু হচ্ছে হ্যারি পটারের যাত্রা। হ্যারি, রন এবং হারমায়োনির প্রথম বর্ষের রোমাঞ্চকর কাহিনি নিয়ে তৈরি এই সিরিজের টিজার ভক্তদের নস্টালজিক করে তুলেছে। সাধারণ এক অনাথ বালক থেকে জাদুকর হয়ে ওঠার সেই রোমাঞ্চকর সফর এ বার দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। টিজারটির শুরুতেই হ্যারির সাধারণ জীবনের অবহেলা ও একাকীত্বের চিত্র ফুটে উঠেছে। এর পরেই হগওয়ার্টসের ম্যাজিকাল জগতে প্রবেশের সেই চেনা মুহূর্তগুলো ধরা দিয়েছে। ড্রেকো ম্যালফয়, প্রফেসর স্নেপ, ম্যাকগোনাগল এবং হ্যাগ্রিডের মতো জনপ্রিয় চরিত্রদের একঝলক দেখা গিয়েছে। বিশেষ করে হ্যাগ্রিড যখন হ্যারির বাবা-মায়ের বীরত্বের কথা মনে করিয়ে দেন, সেই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। অলিভান্ডারও ইঙ্গিত দিয়েছেন হ্যারির ভবিষ্যৎ মহিমান্বিত হতে চলেছে। ড্যানিয়েল র‍্যাডক্লিফের উত্তরসূরি হিসেবে হ্যারি পটারের চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন (Dominic McLaughlin)। তাঁর সঙ্গে রয়েছেন আরাবেলা স্ট্যান্টন। রন উইজলি হিসেবে দেখা যাবে অ্যালিস্টার স্টাউট-কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন –

হ্যাগ্রিড: নিক ফ্রস্ট (Nick Frost)

অ্যালবাস ডাম্বলডোর: জন লিথগো (John Lithgow)

প্রফেসর ম্যাকগোনাগল: জ্যানেট ম্যাকটিয়ার (Janet McTeer)

সেভেরাস স্নেইপ: পাপা এসিয়েডু (Paapa Essiedu)

সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘সাকসেশন’ (Succession) খ্যাত ফ্রান্সেসকা গার্ডিনার এবং মার্ক মাইলড। গার্ডিনার এই সিরিজের রাইটার এবং শোরানার, আর মাইলড বেশ কিছু পর্ব পরিচালনা করেছেন। জে.কে. রাউলিং নিজে এই প্রজেক্টের এগজ়িকিউটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন। ২০২৬ সালের ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষে মুক্তি পাবে সিরিজ়টি। বিশ্বব্যাপী এটি HBO Max-এ দেখা যাবে। তবে ভারতীয় দর্শকদের জন্য খুশির খবর হলো, ভারতে এটি JioHotstar প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে।