‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে এবার সম্মুখ সমরে যিশু-শিবপ্রসাদ

রুপোলি পর্দার ইতিহাসে পঁচিশ বসন্ত কাটিয়ে এবারের ভাঁড়ারে যে একগুচ্ছ সিনেচমক রেখেছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সেকথা গত ডিসেম্বরেই জানা গিয়েছিল। সেই তালিকায় অন্যতম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। যে সিনেমার সবথেকে বড় চমক নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি। যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে খুব একটা ভাঙতে নারাজ নির্মাতারা তবে খবর, সিক্যুয়েলে বড়চমক অপেক্ষা করছে দর্শকের জন্য।  ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে আবারও ফিরছে কৌশানি-শিবপ্রসাদ জুটি। আগামী মার্চ এবং এপ্রিল মাসজুড়ে শুটিং হওয়ার কথা বাংলার বিভিন্ন লোকেশনে।