নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ‘চোর’ ছবির শুভ মহরত সারলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় । ওই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জীতু কমল, দেবলীনা কুমার এবং শঙ্কর চক্রবর্তীকে ৷ এদিন পরিচালকের পাশাপাশি ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। টিম ‘চোর’-এর সঙ্গে এদিন মন্দিরে যান ছবির প্রযোজক তথা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠপুত্র আকাশ চট্টোপাধ্যায়, স্ত্রী তথা এই ছবির সর্বময়ী কর্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন অগ্নিদেব-সুদীপার ছোট ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ও । রবিবারের সকালে বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ছবির যাত্রাপথ শুভ হওয়ার প্রার্থনা করলেন সকলে ৷ লাল পাঞ্জাবিতে জীতু আর লাল সিল্কের শাড়িতে এদিন মন্দিরে যান দেবলীনা । অগ্নিদেব চট্টোপাধ্যায়ের শেষ পরিচালনা 2018 সালে । মাঝে আটটা বছর চলে গিয়েছে । এবার 2026-এ এক শক্তিশালী গল্প নিয়ে আসছেন তিনি, যা সামাজিক বার্তা দেবে দর্শককে । দীর্ঘ আট বছর পর দর্শকের জন্য অন্য স্বাদের বাংলা ছবি নিয়ে আসছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় । তাঁর গল্পে এবার নানা ধরনের চোরেদের বসবাস । এদের কেউ লঘু পাপে গুরুদণ্ড পায়, কেউ আবার বড় চুরি করেও সমাজে বুক উঁচিয়ে ঘুরে বেড়ায় । এরাই অগ্নিদেবের এই ছবির হিরো কিংবা ভিলেন । জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে পরিচালকের নতুন ছবি ‘চোর’-এর । ‘চোর’ আসলে রূপক । ছবিতে একটি রাতকে সামনে রেখে সমাজের সব স্তরের চুরির উপর থেকে পর্দা তোলার চেষ্টা রয়েছে পরিচালকের । ছবির চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায় । অতিরিক্ত চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায় । কলকাতার বিভিন্ন অলি-গলিতে হবে শুট ৷ যেহেতু রাতের গল্প তাই বেশিরভাগ শুটিং হবে রাতে ৷