তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় ঘোষণা করা হল কোয়েল মল্লিকের নাম

এবার রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। সকলকে চমকে দিয়ে কোয়েলকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এতদিন অভিনয় জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখা কোয়েলের এই নতুন অধ্যায় নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কোয়েলের ভক্তদের একাংশ তাঁর নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যে অভিনেত্রী এতদিন রাজনীতির বাইরে ছিলেন, তিনি হঠাৎ করে কেন সংসদের উচ্চকক্ষে যেতে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে। সেই সময় থেকেই অনেকেই মনে করেছিলেন যে মল্লিক পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি কোয়েলের বাবা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক-এর বাড়িতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন।রাজনৈতিক মহলের একাংশের দাবি, সেই বৈঠকেই নাকি কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। দীর্ঘদিনের অভিনয় জীবনে কোয়েল মল্লিক কখনও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হননি। যদিও তিনি বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর স্নেহধন্যা হিসেবে পরিচিত। সেই কারণেই অনেকের মতে, তৃণমূলের তরফে তাঁর নাম ঘোষণার মধ্যে বিশেষ রাজনৈতিক বার্তা রয়েছে।  এখন দেখার, অভিনয়ের পর সংসদের ময়দানে কোয়েল মল্লিক কতটা সফল হতে পারেন।