জাঁকজমক নয়, বরং সাদামাটাভাবেই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন গৌরব কাপুর এবং কৃতিকা কামরা। পরিকল্পনা মাফিক ১১ মার্চ, বুধবার আইনি মতে বিয়ে করলেন তারকাজুটি। বিয়ের সাজপোশাকও অতি সাদামাটা। কৃতিকার পরনে লাল শাড়ি। হিরের নেকলেস। হালকা মেকআপে নবপরিণীতা নায়িকাকে যেন আরও স্নিগ্ধ লাগছিল দেখতে। অন্যদিকে গৌরব বেছে নিয়েছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। কোনওরকম আতিশয্য ছাড়াই বুধবার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে সইসাবুত সেরে টেলিদুনিয়ার অভিনেত্রী এবং ক্রীড়া সঞ্চালক বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন মালাইকা অরোরা, ফারহান আখতার-সহ সেলেবপাড়ার অনেকেই। ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের উপস্থিতিও নজর কাড়ল। সস্ত্রীক যুবরাজ সিংকে দেখা গেল গৌরবের বিয়ের অনুষ্ঠানে। নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদির সঙ্গে বরাবরই গৌরব কাপুর এবং কৃতিকা কামরার দারুণ সম্পর্ক। যেদিন প্রেমে সিলমোহর দিলেন, সেদিনও তাঁরা প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছিলেন হবু দম্পতিকে। এবার হাজির বিয়েতে । অভিনেত্রী সাগরিকা ঘাটকে এবং প্রাক্তন ক্রিকেটার জাহির খানও এসেছিলেন গৌরব কাপুর এবং কৃতিকা কামরার বিয়েতে। পার্টির থিমের সঙ্গে সামাঞ্জস্য বজায় রেখে তাঁদের দেখা গেল প্যাস্টেল শেডের পোশাকে। অভিনেত্রী এবং ক্রীড়া সঞ্চালকের বিয়ের পার্টিতে ফ্যাশনিস্তা অবতারে মাথা ঘুরিয়ে দিলেন ফারহান আখতারও। যদিও সঙ্গে স্ত্রীকে দেখা যায়নি। আকাশি রঙের পাঞ্জাবিতে ট্যাড্রিশনাল মোডে দেখা গেল বীরেন্দ্র শেহবাগকে। স্ত্রীকে নিয়ে গৌরব-কৃতীকার বিয়েতে হাজির হন তিনি। গৌরবের বাসভবনেই বসেছিল বিয়ের আসর। গৌরব-কৃতিকার বিবাহবাসরে দীর্ঘদিন বাদে শাড়িতে ধরা দিয়ে চোখ ধাঁদিয়ে দিলেন বলিউডের মুন্নি মালাইকা অরোরা।