আসছে ‘কুহেলি’, তিন বোনের জীবনের রহস্যভেদ করতে হাজির প্রিয়াঙ্কা

হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘কুহেলি’ ৷ তিনবোনের গল্প নিয়ে এগোবে এই সিরিজ। বড় বোনের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। তাঁর দুই বোনের চরিত্রে অঙ্গনা রায় ও সুস্মিতা দে। জানা গিয়েছে গোটা সিরিজের গল্প এগোবে পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে এই গল্পে সুস্মিতার বিপরীতে কৌশিক সেন। অদিতি রায়ের পরিচালনায় ‘কুহেলি’র মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে তিনি পান ব্যাপক জনপ্রিয়তা। আর এবার পা বাড়ালেন ওয়েব দুনিয়াতে। গল্পে তিন বোনের জীবনের ওঠাপড়া দেখানো হবে। তবে আছে রহস্যময় টুইস্টেরও আনাগোনা। অঙ্গনার বিপরীতে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এই প্রথমবার তাঁদের জুটিকেও পর্দায় দেখবে দর্শক। তবে ঋদ্ধিমার বিপরীতে কাকে দেখা যাবে বা কাউকে আদৌ দেখা যাবে কিনা সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। কুহেলী-র গল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসপি রানা সিংহ। সে খুন হয়। তার খুনের রহস্যটা শুধু খুনিকে নিয়ে নয়, বরং রানা সিংহের কোন রূপটাকে খুন করা হয়েছে সেটা নিয়েও। পরিচালক অদিতি রায় বলেন, “কুহেলি একটি ধীর-দগ্ধ আখ্যান যা সাসপেন্সের মধ্যে চলে, একটি দ্বিমুখী যাত্রা হিসাবে উদ্ভাসিত হয় যেখানে প্রতিটি চরিত্র একজন শিকার এবং একটি সম্ভাব্য হত্যাকারী উভয়ই।” সিরিজে রাধিকা সিংহর ভূমিকায় সুস্মিতা দে। শোকাতুর বিধবা, যে বৈবাহিক জীবনে ভয়ের মধ্যে দিন কাটিয়েছে। বড় বোন দেবিকা দত্তর ভূমিকায় ঋদ্ধিমা ঘোষ, যার কাছে গোপনীয়তা জীবনধারণের এক কৌশল। অঙ্গনা রায় রয়েছেন ছোট বোন ইশিকা রায়ের ভূমিকায়। সে স্পষ্টবাদী, স্বাধীন এবং নিজের শর্তে চলা মেয়ে। এই গল্পে তিন বোন তিন রকম। রাধিকা ভীত-সন্ত্রস্ত এক বিধবা, দেবিকা রহস্যে ঘেরা এক নারী এবং ইশিকা অকুতোভয় ও স্বাধীনচেতা। এই তিন বোনের চারিত্রিক বৈপরীত্য বেশ কৌতূহল জাগানোর মতো। আর আছে ডি এস পি অগ্নি বসু। এই চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। অগ্নির চ্যালেঞ্জ শুধু ফরেনসিক নয়, বরং সাংস্কৃতিক। যে শহরে শোক প্রকাশ করাটাও একটা ‘পারফরম্যান্স’, সেখানে তাকে মিথ্যার দেওয়াল ভেঙে সত্য খুঁজে বের করতে হবে। কৌশিক সেন রয়েছেন এসপি রানা সিংহর চরিত্রে। তাঁর চরিত্রটা সম্মানের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার ও ত্রুটিপূর্ণ মানুষ। মে মাসে হইচই-এ মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। বাংলা থ্রিলারের তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে আশাবাদী নির্মাতারা।