সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে অগ্নিকাণ্ড

দক্ষিণ কলকাতার, সার্দান এভিনিউয়ের আনন্দ বহুতলে আগুন। এই আবাসনেই থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার ওই বহুতলে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়ায়। অগ্নি সংযোগের পর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, শর্ট সার্কিট না অন্য কোনও ভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আবাসনের বিভিন্ন আবাসিকের পোষ্যদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে, হঠাৎই পোড়া গন্ধ পেয়ে আবাসিকরা ঠিক কী ঘটছে তা বোঝার চেষ্টা করতেই বোঝেন যে আবাসনে আগুন ধরেছে। সকলেই নেমে আসেন ফ্ল্যাট ছেড়ে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।