জীবনের নতুন অধ্য়ায় শুরু করতে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা। তাঁর সাধভক্ষণ অনুষ্ঠানে আবেগাপ্লুত বোন ঋতাভরী। দিদিকে দিলেন ‘সোনা মা’ এবং বাবাকে ‘ভালো বাবা’র তকমা। দিনদুয়েক আগে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বেবিবাম্প দেখানো সাহসি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন চিত্রাঙ্গদা। সম্ভবত বেবিমুনের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। নিজে যদিও সে বিষয়টি খোলসা করেননি। এবার পালা সাধভক্ষণের। এলাহি আয়োজন করা হয়। ইনস্টা স্টোরিতে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন চিত্রাঙ্গদা। অভিনেত্রীর পরনে গোলাপি শাড়ি। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। হালকা গয়না। হালকা সাজেও যেন অনন্যা তিনি। মুখে হাসির ঝিলিক। আর শরীর জুড়ে মাতৃত্বের আভার ঝলক। গাঁদার পাপড়ি দিয়ে সাজানো থালায় সাধভক্ষণ করেন ঋতাভরীর দিদি। কী ছিল না মেনুতে। পাঁচ রকমের ভাজা, ডাল, শুক্তো, মাছ, মিষ্টি – আদ্যোপান্ত বাঙালি মেনু ছিল অনুষ্ঠানে। দিদি চিত্রাঙ্গদার জীবনের বিশেষ মুহূর্তে আনন্দে আত্মহারা ঋতাভরী। দিদির বেবিবাম্পে আদুরে আলিঙ্গন করেন তিনি। সে ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। দিদির সাধের অনুষ্ঠানে হলুদ শিফন শাড়িতে সেজেছিলেন ঋতাভরী। জুনিয়র ভূমিষ্ঠ হওয়ার আগেই দিদিকে ‘সোনা মা’ এবং জামাইবাবুকে ‘ভালো বাবা’ বলে তকমা দিয়েছেন হবু মাসি ঋতাভরী। টলিপাড়ায় অনেককেই দেখা যায় চিত্রাঙ্গদার আনন্দের মুহূর্তের সঙ্গী হতে। কবে ভূমিষ্ঠ হবে সন্তান, সে দিনক্ষণ এখনও জানা যায়নি। আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত অভিনেত্রী। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।