প্রয়াত ভারতীয় তারকাদের মধ্যে অতীতে অস্কারের স্মরণ বিভাগে জায়গা করে নিয়েছিলেন শশী কাপুর, শ্রীদেবী থেকে ইরফান খানদের মতো তারকা। এমনকী শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই, খ্যাতনামা কস্টিউম ডিজাইনার ভানু আথাইকেও স্মরণ করা হয় অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে। সেই ধারা বজায় রেখেই ধর্মেন্দ্রকেও স্মরণ করা হবে, বলে আশায় ছিলেন ভারতীয়রা। কিন্তু ৯৮তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা যে এভাবে বিস্মৃতির অন্তরালে চলে যাবেন, সেটা বোধহয় কল্পনাতীত ছিল। যে অভিনেতা ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর কাটে’র মতো একাধিক কাল্ট ক্লাসিক সিনেমা উপহার দিয়েছেন। এমনকী কেরিয়ারের উচ্চগগনে থাকাকালীন বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন, সেই ভারতীয় তারকাকেই কিনা ভুলে গেলেন অস্কার উদ্যোক্তারা! ‘ইন মেমোরিয়াম’ বিভাগে অন্তর্ভুক্ত করা হল না তাঁর নাম। অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের পর সেই বিষয়ে সমালোচনা শুরু হতেই মাঠে নামল অস্কার কর্তৃপক্ষ। দেখা গেল, অনুষ্ঠানের ঘণ্টাখানেক বাদে অ্যাকাডেমির ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে রাখা হয়েছে ধর্মেন্দ্র, এবং মনোজ কুমারের নাম। উল্লেখ্য, ছাব্বিশের মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে প্রয়াত তারকাদের মধ্যে স্মরণ করা হয় আমেরিকান অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড, ডায়ান কিটন, অভিনেত্রী ক্যাথরিন ও’হারা, জার্মান অভিনেতা উডো কিয়ার,’হোয়েন হ্যারি মেট স্যালি’র পরিচালক রব রেইনার, জিন হ্যাকম্যান এবং ভ্যাল কিলমার-সহ আরও অনেক অভিনেতাকে। কিন্তু সেখানে উচ্চারিত হয়নি ধর্মেন্দ্রর নাম। পরিবর্তে ভারতীয় তারকার নাম ঠাঁই পেল অ্যাকাডেমি পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে।