ফেডারেশনের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফের বাংলা ছবিতে কাজ করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘এই শহরের গান’। এখানেই অন্যতম প্রধান চরিত্রে পরমব্রত, সঙ্গে প্রিয়াঙ্কা। চিত্রনাট্য আবর্তিত হবে তিনটি জুটিকে নিয়ে। মূলত রোমান্টিক ড্রামা। ভিন্ন আর্থসামাজিক অবস্থানে রয়েছে ভিন্ন বয়সের তিনটি কাপল, এমন ছ’জনের ইন্টারপার্সোনাল সম্পর্ক নিয়ে ছবির গল্প। অন্য দুটি জুটি যথাক্রমে কনীনিকা বন্দ্যোপাধ্যায়-অনির্বাণ চক্রবর্তী এবং অঙ্গনা রায়-নবাগত মনপ্রীত। রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও জিনিয়া পান্ডে। ইতিমধ্যে ছবির প্রথম শিডিউল শেষ। ভালোবাসা, ব্যর্থতা, উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষা এই সব কিছু প্রতিফলিত হবে ফিল্মের জার্নিতে। ১৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের শুটিং শুরুর কথা। এর মধ্যে একটা শহর কীভাবে সবাইকে আগলে রেখেছে, তাই নিয়েই ছবিটা। তিনটি কাপল, কেউ কাউকে চেনে না। অথচ একে-অপরের সংকটে কোথাও গিয়ে জড়িয়ে যাচ্ছে পরস্পরের সঙ্গে, এমনটাই জানালেন পরিচালক প্রার্জুন।