কোটি টাকা প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা হাইকোর্টে কোটি টাকা প্রতারণার অভিযোগ অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু কোটি টাকার প্রতারণা নয়, টাকা না-দিয়ে নিজের রাজনৈতিক প্রভাব খাটানোর হুমকিও দিয়েছেন তিনি ৷ এই পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনও সুরাহা পাননি বলে অভিযোগ করেন শেখ শাহিদ ইমাম নামের এক ব্যক্তি ৷ তাই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷ আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷ আদালত সূত্রে খবর, 2021 সালে শেখ শাহিদ ইমাম, সোহম চক্রবর্তীর সঙ্গে একটি সিনেমার প্রযোজনায় চুক্তিবদ্ধ হন ৷ ‘মানিক জোড়’ নামের একটি সিনেমা প্রযোজনার জন্য তিনি সোহমকে 68 লক্ষ টাকা দিয়েছিলেন। শেখ শাহিদ ইমাম একসময় আরামবাগের তৃণমূল যুব নেতা ছিলেন ৷ তাঁর সঙ্গে টলিউডের যোগাযোগ আছে ৷ 2023 সালের 18 ফেব্রুয়ারি এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তিনি ছাড়া আরও কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই ৷ পরে ওই বছরে মুক্তি পান শাহিদ ৷ জেলে থাকার কারণে সোহমের থেকে বকেয়া টাকা ফেরত চাইতে পারেননি শেখ শাহিদ ইমাম ৷ আলিপুর সংশোধনাগার থেকে বেরিয়ে সোহমের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তৃণমূল বিধায়ক নানারকম অজুহাত দেন ৷ অনেক অনুরোধের পর দুই দফায় মোট 25 লক্ষ টাকা তাঁকে ফেরত দিয়েছিলেন সোহম ৷ বাকি টাকা আর ফেরত পাননি ৷ তৃণমূলের যুব নেতা শাহিদের অভিযোগ, বিধায়ক সোহমের বিরুদ্ধে চারু মার্কেট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হলেও পুলিশ পদক্ষেপ করেনি ৷ শেখ শাহিদ ইমামের আইনজীবী পিন্টু কারার বলেন, “আমার মক্কেল শেখ ইমাম শাহিদ তিনি গত 2 ফেব্রুয়ারি সোহম চক্রবর্তীকে একটি ডিমান্ড নোটিশ পাঠান ৷ নোটিশ পাওয়ার পর ওইদিন সাউথ সিটি মলে অর্ঘ চট্টোপাধ্যায় নামে সোহমের এক কর্মী শাহিদকে রীতিমতো হুমকি দেন ৷ সোহমের রাজনৈতিক উচ্চস্তরে যোগাযোগ রয়েছে ৷ সিনেমা জগতেও তাঁর অনেক চেনাশোনা ৷ এই অবস্থায় শেখ ইমাম শাহিদ চারু মার্কেট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি ৷” এই অবস্থায় শেখ শাহিদ কলকাতা হাইকোর্টে মামলা করেন ৷ পরে অবশ্য সোহমের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি বিস্তারিত জানতে পুলিশ শাহিদ ইমামকে থানায় ডেকে পাঠিয়েছে । এর আগেও সোহম বিতর্কে জড়িয়েছেন ৷ একবার রেস্তরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷