অবশেষে প্রেক্ষাগৃহে আসছে বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘মর্দানি ৩’ ৷ পর্দায় ফের একবার পুলিশের পোশাকে শত্রুদের দমন করতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে ৷ শনিবার যশরাজ ফিল্মস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির নতুন পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ করেছে ৷ ক্যাপশনে লিখেছে, “সব মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত সে থামবে না। ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় হিসাবে ফিরছেন রানি মুখোপাধ্যায়। উদ্ধার অভিযান শুরু হবে ৩০ জানুয়ারি।” ছবির পোস্টারে রানিকে দেখা গিয়েছে এক হাতে বন্দুক নিয়ে বসে থাকতে ৷ চোখে দৃঢ়তা। তাঁর পিছনে দেখা গিয়েছে একদল কিশোরী মেয়েকে ৷ যাদের মুখের উপর লেখা ‘মিসিং’। বোঝাই যাচ্ছে, ফের একবার শিবানীর লড়াই শুরু নারী পাচার চক্রের সঙ্গে ৷ যেখানে নিখোঁজ মেয়েদের উদ্ধারের জন্য জান প্রাণ লড়িয়ে দিতে প্রস্তুত এই মহিলা পুলিশ অফিসার ৷