আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে এক হতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার চার হাত। আর সেখানেই অতিথিদের জন্য কড়া শর্ত বেঁধে দিয়েছেন দক্ষিণী তারকাজুটি। বিজয়-রশ্মিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, “দু’জনেই বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। আর সেই জন্যেই উভয় পরিবারের আত্মীয়-পরিজন এবং জনা কয়েক বন্ধুবান্ধবদের নিয়ে ছাঁদনাতলায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হবু তারকাদম্পতি প্রথম থেকেই বিষয়টি পারিবারিক রাখতে চেয়েছিলেন। তাই অতিথি তালিকাও খুবই ছোট করা হয়েছে। এবং যাঁরা বিয়ের অনুষ্ঠানে আসবেন, তাঁদের প্রত্যেককে অনুরোধ করা হয়েছে, যাতে ছাঁদনাতলার আসরে মোবাইল ফোন ব্যবহার না করেন। এমনকী বিয়ের ছবি যাঁরা তুলবেন, তাঁদের সঙ্গেও গোপনীয়তা বজায় রাখার চুক্তি করেছেন বিজয়-রশ্মিকা।” জানা গেল, উদয়পুরে বিয়ের আসরে কোনও তারকাও উপস্থিত থাকছেন না। কারণ ঘনিষ্ঠবৃত্তের বাইরে কাউকে আমন্ত্রণই জানাননি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত।