আচমকাই অসুস্থ বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর, ৯০ বছর বয়সী এই কিংবদন্তিকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল কি না, সে বিষয়ে এখনও হাসপাতালের পক্ষ থেকে বিস্তারিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। খবরটি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় চাঞ্চল্য ছড়ায়। সুপারস্টার সলমন খানকে দ্রুত হাসপাতালে ছুটে যেতে দেখা যায়। বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি সকালেই হাসপাতালে পৌঁছন। পরিবারের অন্যান্য সদস্যরাও এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন। বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় শোলে, জঞ্জির, দিওয়ার থেকে ডন-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন বলিউড।