মাতৃহারা হলেন সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা রেখা মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন রেখাদেবী। নানারকম সমস্যা ছিল, চিকিৎসাও চলছিল। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই সময় শিলচরে ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ। খবর পেয়েই তড়িঘড়ি সমস্ত শো বাতিল করেন তিনি। আজই ফিরছেন কলকাতায়। সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে। মায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তেজেন্দ্র নারায়ণ। সোশাল মিডিয়ায় মনের কথা উড়ার করে দিয়েছেন তিনি। শিল্পী লিখেছেন, “মা আমার পথপ্রদর্শক। মায়ের দেখানো পথে হেঁটে বরাবর চলেছি। আমি আজ যা কিছু, তার শুধুমাত্র মায়ের জন্যই। মায়ের অভাব পূরণ হওয়ার নয়। আমার মা যেন শান্তিতে থাকেন। আপনারাও আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করবেন।” সব শেষে লিখেছেন, “ভালো থেকো মা।”