বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হচ্ছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। তবে ছাঁদনাতলায় পৌছনোর আগেই শ্যামৌপ্তির বধূ বেশের ছবি প্রকাশ্যে। নেপথ্যে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনেত্রীর বিশেষ দিনে সকলকে এক প্রকার চমকে দিলেন পরিচালক। শ্যামৌপ্তিকে তাঁর ‘বিগ ডে’র শুভেচ্ছা জানিয়ে প্রকাশ্যে আনলেন কনে বেশে শ্যামৌপ্তির দু’টি ছবি। নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন শিবপ্রসাদ। সেখানেই তিনি ভাগ করে নেন শ্যামৌপ্তির দু’টি ছবি। সেখানেই দেখা যাচ্ছে টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, চোখে গাঢ় কাজল, কপালে লাল টিপ আর কনে চন্দনে সেজে অভিনেত্রী। যদিও ক্যাপশনেই এই ছবির রহস্য ভেদ করে দিয়েছেন পরিচালক। তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‘ফুল পিসি ও এডওয়ার্ড সিনেমায় বড় পর্দায় প্রথমবারের জন্য অভিনয় করলেন শ্যামৌপ্তি মুদলি। প্রথম অভিনয়ে শ্যামৌপ্তি সব কলাকুশলীর মন জয় করেছেন। আমার বিশ্বাস তার অভিনয় আপনাদের কাছেও সমাদৃত হবে। আজ শ্যামৌপ্তির বিয়ের দিন। বড় পর্দায় কনে বেশে তার ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। রণজয় ও শ্যামৌপ্তির বিয়ের দিনে তাদেরকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি ও উইনডোজ পরিবারের সব সদস্য। তাঁদের আগামী দিন সুখের হোক।’ উইন্ডোজের ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে অভিনয় করছেন শ্যামৌপ্তি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হবে তাঁর। আর তাই এদিন অভিনেত্রীকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যে আগামী ছবির এক টুকরো ঝলক ভাগ করেন শিবপ্রসাদ। উল্লেখ্য, ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। উইন্ডোজের ২৫ তম সিনেমাঢ় শুটিং শুরু হয় মহিষাদল রাজবাড়িতে। নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছিলেন, “ফুল পিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প বুনছেন পরিচালকজুটি।