ইরানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ৷ এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ ৷ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ৷ এই অবস্থায় বাতিল করা হয়েছে একাধিক বিমান পরিষেবা ৷ যার কারণে দুবাই ও আবু ধাবিতে আটকে পড়েছেন ভারতের বিনোদন দুনিয়া থেকে ক্রীড়া জগতের তারকারা ৷ সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান ও এশা গুপ্তা থেকে ব্য়াডমিন্টন খোলোয়াড় পিভি সিন্ধু ৷ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা বেশ কয়েকজন যাত্রীর মধ্যে সোনাল চৌহানও রয়েছেন ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন । ‘জন্নত’ খ্যাত অভিনেত্রী সোশাল মিডিয়া পোস্টে তাঁর পরিস্থিতি তুলে ধরে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এই পরিস্থিতির মধ্যে আমি বর্তমানে দুবাইতে আটকে পড়ে আছি । বিমান বাতিল করা হয়েছে এবং ভারতে ফিরে যাওয়ার আর কোনও উপায় নেই । নিরাপদে বাড়ি ফিরে যেতে আমি সরকারের সহায়তা চাইছি । সরকার নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব ৷” সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালে ভিড় উদ্বিগ্ন যাত্রীদের ৷ বিমান পরিষেবা পুনরায় কবে শুরু হবে কেউ জানে না । এদিকে ভারত সরকার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি ৷ যদিও আটকে পড়া যাত্রীরা দেশের সরকারের তরফে সহায়তার জন্য অপেক্ষা করছেন । ইরানে সম্প্রতি হামলার পর ভারতের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তাঁর টিম দুবাই বিমানবন্দরে আশ্রয় নিয়েছিলেন ৷ তাঁদের খুব কাছেই একটি বিস্ফোরণ ঘটে । সোশাল মিডিয়ায় তিনি সেই মুহূর্তটিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ভীতিকর বলে বর্ণনা করেছেন ৷ আরও যোগ করেছেন যে, ধোঁয়া এবং ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে নিজেকে খুঁজে পান তাঁর কোচ ৷ এরপর তিনি দ্রুত সেখান থেকে সরে যান । সিন্ধু জানান, তাঁদের দলকে ওখান থেকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে ৷ তিনি দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় হাই কমিশনকে এই সংকটের সময় দ্রুত সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন । তবে কবে বাড়ি ফিরতে পারবেন তাঁরা জানেন না ৷ এই অনিশ্চয়তার মাঝে তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে ওখানকার পরিস্থিতি ও অভিজ্ঞতা সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন এবং আপডেট দিয়েছেন যে, তাঁরা এখন পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন ।পিভি সিন্ধু লেখেন, “আমরা সবাই এখন নিরাপদে আছি এবং দুবাই বিমানবন্দরের কর্মীদের ও দুবাই কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টার জন্য আরও নিরাপদ স্থানে রয়েছি । দুবাইতে ভারতীয় হাই কমিশনকে তাঁদের অবিশ্বাস্য সমর্থন এবং আমাদের নিরাপদে রাখতে সহায়তা করার জন্য বিশেষ ধন্যবাদ । আপাতত, আমরা কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছি ৷” ওদিকে মার্কিন, ইজরায়েল-ইরান সংঘাতের মধ্যে আবু ধাবিতে আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা ৷ তবে তিনি নিরাপদে আছেন বলেই জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ শনিবার এশা আকাশের একটি ছবি শেয়ার করেন ৷ এরপরেই অনুগামীরা তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সামাজিক মাধ্যমে ৷