পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। জানা যায়, তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে যায় সম্পূর্ণ ভাবে। মঙ্গলবার বিকেলে আচমকাই জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছেন কবি, গীতিকার তথা পরিচালক। পুলিশ সূত্রের খবর, সাঁতরাগাছিতে দুর্ঘটনাটি ঘটেছে। পিছন থেকে একটি গাড়ি এসে শ্রীজাতের গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরে ছিল যে, ঘটনাস্থলেই গাড়িটি ভেঙেচুরে যায়। তবে শ্রীজাতের বড় কোনও আঘাত লাগেনি। শ্রীজাতপত্নী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানান, “হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে পেশিতে চোট পেয়েছেন। তবে শ্রীজাত আপাতত ভালো রয়েছেন। বাড়িতেই চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছে তাঁর। বিশ্রামে আছেন শ্রীজাত। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গিয়েছেন শ্রীজাত।” দুর্ঘটনার খবর পেয়েই কবির শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।