এবছরে তিথি অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন অন্নপূর্ণা পুজো পড়েছে। সেই প্রেক্ষিতে লক্ষ্মীবারেই অন্নদাত্রীর আরাধনায় মেতে উঠলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাস-রথ থেকে লক্ষ্মী-সরস্বতী, বাড়িতে নিষ্ঠা সহকারে সব পুজোই করেন রাজ-শুভশ্রী। বছর খানেক ধরে তাদের বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন হয়ে আসছে। এবারেও তার অন্যথা হয়নি। রাজ নিজেই পুজোর মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করে নিয়েছেন। সেখানেই ফুলে ফুলে সাজানো আসরে দেখা গেল দেবী মূর্তি। মাথায় ঘোমটা দিয়ে পুজোর রীতি পালন করলেন চক্রবর্তী পরিবারের ‘অন্নপূর্ণা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকাদম্পতি বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। অন্নপূর্ণা পুজোর দিন পরিচালক স্বামীর ক্যামেরায় ধরা পড়ল গিন্নি শুভশ্রীর পুজোঅর্চনার মুহূর্ত। পরনে মেরুন রঙের শাড়ি। হাত ভর্তি শাঁখা-পলা এবং গয়না। পায়ে আলতা। প্রথা অনুযায়ী মা অন্নপূর্ণার হাতে, চাল তর্পনের নিয়ম পালন করতেও দেখা গেল অভিনেত্রীকে। আর টলিপাড়ার দুই অভিনেত্রী এহেন আধ্যাত্মিক মুহূর্ত দেখেই আপ্লুত অনুরাগীরা।