জেলমুক্তির পরই মিমিকে আইনি নোটিস তনয় শাস্ত্রীর

 জামিনে জেলমুক্তির পর এবার মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন তনয় শাস্ত্রী। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে আইনি নোটিস পাঠানো হয়েছে। যদিও এই আইনি নোটিস সম্পর্কে অভিনেত্রীর কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই নোটিসে মূলত তিনটি কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, এই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসাবে মিমিকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৯টায় মিমি সেখানে পৌঁছনোর কথা ছিল। তবে ঘণ্টাদুয়েক পর সাড়ে ১১টা নাগাদ অভিনেত্রী সেখানে পৌঁছন। সঙ্গে সঙ্গে স্টেজে উঠতেও পারেননি। তাই ওই পারিশ্রমিক ফেরতের দাবি জানিয়েছেন তনয় শাস্ত্রী। দ্বিতীয়ত, মিমি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় জেলযাত্রা পর্যন্ত হয়েছে। তার ফলে তনয় শাস্ত্রীর মানহানি হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। তৃতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। নইলে দেওয়ানি ও ফৌজদারি মূলত মানহানি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।