গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শোনা যাচ্ছে , ২০১৬ সালে মায়া মৃদঙ্গ ছবির শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন পরিচালক। বর্তমানে সেই চোটই মারাত্মক আকার ধারণ করেছে। সমস্যা এতোটাই গুরুত্বর হয়ে যায় যে হাসপাতালে ভর্তি হন রাজা সেন। দীর্ঘদিন হাঁটতেও সমস্যা হচ্ছিল তাঁর। শেষে জানা যায় শিরদাঁড়া ও কোমরের হাড়ের সংযোগস্থলেই সমস্যা হয়েছে। ইতিমধ্যে অস্ত্রোপচারও হয়েছে বলে জানা যায়। আগামী দু-তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক। পরিচালক আরও বলেন, “এতবছর আগের চোট এভাবে শারীরিক জটিলতা সৃষ্টি করবে আশা করিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে আগামী ২-৩ মাস একবারে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।” বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক রাজা সেন। বহুবছর আগে পাওয়া চোট এতকাল এড়িয়ে যাওয়ার ফলেই মারাত্মক সমস্যা বাড়ে। হাসপাতালে ভর্তি হতেই অস্ত্রোপচার হয় তাঁর। এখন খানিকটা ভালো আছেন।