অভিরূপের নয়া সফর ‘কালরাত্রি’-তে জুটিতে দেবলীনা কুমার ও গৌরব রায়চৌধুরী

রহস্য-রোমাঞ্চ কিংবা ভৌতিক বিষয় নিয়ে বরাবরই কাজ করতে ভালোবাসেন পরিচালক অভিরূপ ঘোষ। এবার তাঁর সফরের নাম ‘কালরাত্রি’। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গা ছমছমে উপন্যাস মনোজ সেনের ‘কালরাত্রি’ই ছবির পটভূমিকায়। অশরীরীদের অনায়াস আনাগোনা এই উপন্যাসে। নতুন এই ছবির শুটিং শেষ হল আজ। বানতলার নলবনে সেজে উঠেছিল গ্রামের সেট । এছাড়াও বেলগাছিয়া রাজবাড়ি-সহ কলকাতার অন্যান্য জায়গা এবং বোলপুরেও হয়েছে এই ছবির শুটিং। অভিরূপ ঘোষের পরিচালনায় এই ছবিতে এক জমিদার গিন্নির ভূমিকায় দেখা যাবে ড. দেবলীনা কুমারকে। তাঁর বিপরীতে রয়েছেন গৌরব রায়চৌধুরী । এ ছাড়াও আছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। গৌরবের বোনের ভূমিকায় অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়। ছবিতে অনির্বাণের চরিত্রের নাম বসন্ত এবং ঋত্বিক চিত্তবাবু । এরা শহর থেকে যাবে এক ভৌতিক গ্রামে। ১৯৫০ সালের একটি গ্রামীণ বর্ধিষ্ণু জমিদারবাড়ি । গ্রাম জুড়ে অশরীরীর কালো ছায়া। প্রায় প্রতিদিনই গ্রামবাসীর মধ্যে কেউ না কেউ খুন হচ্ছে । রক্তশূন্য তাদের দেহ। কে, কীভাবে মেরে ফেলছে এদের ? রহস্য ঘনায় এই প্রশ্ন সামনে রেখেই। সংলাপ আর চিত্রনাট্যের বাঁধুনিতে সেই রহস্য উদঘাটন করবেন পরিচালক অভিরূপ । রহস্যের উদঘাটন যদিও লেখকই করে গিয়েছেন, এবার চোখে দেখার পালা । চলতি বছরেই এই ছবি মুক্তি পাবে বলে আশা করছেন পরিচালক।