প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা। মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তাঁর পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। যা আজও সকলের মনে গেঁথে রয়েছে। রেশমার কন্ঠে গাওয়া এই গান সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু ধীরে ধীরে বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। ১৯৭৫ সালে ‘র্যামসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে অভিষেক হয় মধুর। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তাঁর। এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। অভিনেত্রীর শেষ অভিনীত ছবি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’। তাঁর মৃত্যুতে বলিউডে তৈরি হয়েছে শোকের ছায়া। মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাঁকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। প্রশংসাও কুড়িয়েছিলেন ‘সত্তে পে সত্তা’ ছবিতে। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। পরবর্তীকালে শ্রীদেবী, অনিল কাপুর, আমিরখান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও করেছেন অভিনয়।