ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচনে কে কোন পদ পেলেন !

সদ্য অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। বিগত দু’বছর ধরে সংশ্লিষ্ট ফিল্ম সংগঠনের বেশ কয়েকটি পদ একেবারে নির্দিষ্ট ছিল। এবারের নির্বাচনী ফলেও সভাপতি পদে যেমন রঞ্জিত মল্লিক রয়েছেন, তেমনই কার্যকরী সভাপতি পদে বহাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতিবারেও সম্পাদক পদে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। তবে উল্লেখযোগ্যভাবে, এই বছরে কোনও পদে নেই টলিপাড়ার দুই সুপারস্টার দেব এবং জিৎ। বেশ কয়েক বছর বাদে ফোরামে প্রত্যাবর্তন ঘটল অভিনেতা দেবদূত ঘোষের। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে সহকারী সম্পাদকের পদ সামলাবেন তিনি। যদিও নতুন ক’জন অভিনেতার নাম বিভিন্ন পদে যোগ হয়েছে। সেই তালিকার অন্যতম বাসবদত্তা চট্টোপাধ্য়ায়। আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক ভোটে নবনির্বাচিত কোষাধ্যক্ষ হয়েছেন অভিনেত্রী। আর্টিস্ট ফোরাম এবার জোর দিচ্ছে প্রযুক্তিতে । ফোরামের দীর্ঘদিনের অভাব-অভিযোগ মেটাতে সংগঠন প্রযুক্তিতে জোর দিতে শুরু করল এ বছর থেকে । চালু হল অ্যাপ । ওয়েবসাইটটিকে ঢেলে সাজানোর পাশাপাশি বেশ কিছু কার্যকরী বিভাগ চালু করা হচ্ছে । মাত্র 500 টাকার বিনিময়ে শিল্পীরা এখানে নিজেদের প্রফেশনাল পোর্টফোলিও বা জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন । এতে শিল্পীদের পেশাদার পরিচিতি আরও বাড়বে । নিজের কাজ খুঁজতে বিভাগের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের তথ্য জমা দিতে পারবেন । ইতিমধ্যে প্রায় 2200টি প্রযোজনা সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে কর্মহীন শিল্পীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হয় । এখন থেকে প্রতিদিনের কাজের রেকর্ড রাখার জন্য কোনও আধিকারিকের সইয়ের অপেক্ষায় বসে থাকতে হবে না । শিল্পীরা নিজেরাই ডিজিটাল ডায়েরিতে তাঁদের কাজের বিবরণ লিখে রাখতে পারবেন । দূরত্ব কমে যাবে সংগঠনের সঙ্গে । কোনও অভিযোগ বা সমস্যার কথা জানাতে কোনও সদস্যকে আর সশরীরে অফিসে ছুটতে হবে না; অনলাইনেই সব জানানো যাবে । এছাড়া এই সমস্ত সুবিধা আরও সহজে পৌঁছে দিতে ‘মেম্বার্স কর্নার’ ও ‘কাস্টিং কর্নার’ ফিচার দুটিকে একটি মোবাইল অ্যাপ হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচনে কে কোন পদ পেলেন? দেখে নিন একনজরে-

সভাপতি- রঞ্জিত মল্লিক
কার্যকরী সভাপতি- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সহ সভাপতি- চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল
সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়
সহকারী সম্পাদক- আবির চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ
যুগ্ম-সম্পাদক- চন্দন সেন, শুভাশিস মিত্র
কোষাধ‍্যক্ষ- বাসবদত্তা চট্টোপাধ্যায়
সহকারী কোষাধ‍্যক্ষ- দিগন্ত বাগচী
কার্যকরী কমিটির সদস‍্য- কুশল চট্টোপাধ্যায়, জয়ন্ত দত্ত বর্মন, গৌরব চট্টোপাধ্যায়, পায়েল দে, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত