শেষ হল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর শুটিং

বহু প্রতীক্ষিত ছবি ‘ফুল পিসি  ও এডওয়ার্ড’-এর শুটিং শেষ হওয়ার আনন্দ উদ্‌যাপনে আয়োজিত হয়েছিল এক জমকালো সানডাউনার পার্টি। গঙ্গার ধারে অবস্থিত পোলো ফ্লোটেইল-এ আয়োজিত এই বিশেষ আড্ডায় একসঙ্গে মিলিত হন ছবির শিল্পী থেকে শুরু করে পুরো ইউনিট। দীর্ঘ শুটিংয়ের পথচলা শেষ হওয়ার আনন্দ যেন সেই সন্ধ্যাকে আরও উজ্জ্বল করে তুলেছিল। সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনয়শিল্পীরা। সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী , অনামিকা সাহা, অনন্যা চট্টোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। শুটিংয়ের নানা স্মৃতি, মজার ঘটনা এবং একসঙ্গে কাটানো সময়ের গল্পে জমে উঠেছিল পুরো পরিবেশ। ছবির নেপথ্যের গুরুত্বপূর্ণ মানুষগুলিও সেই সন্ধ্যার অংশ ছিলেন। উপস্থিত ছিলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার অনিমেষ ঘোরুই, সঙ্গীত পরিচালক জয় সরকার, মেকআপ আর্টিস্ট পাপিয়া চন্দ, কস্টিউম ডিজাইনার অনুপম রায় এবং আর্ট ডিরেক্টর মৃদুল ও শাশ্বতী সহ আরও অনেক সদস্য। এই সানডাউনরের অন্যতম আকর্ষণ ছিল প্রাণখোলা আড্ডা এবং একটি মজাদার র‍্যাপিড-ফায়ার পর্ব। সেই পর্বে শুটিং চলাকালীন নানা অজানা গল্প, মজার মুহূর্ত এবং অন্তরালের স্মৃতি উঠে আসে শিল্পীদের মুখে। আর ঠিক তখনই হাসির রোল ওঠে একটি মন্তব্যে। পরিচালক নন্দিতা রায় ছবির যাত্রাপথ নিয়ে আবেগঘন মন্তব্য করেন। তাঁর কথায়, “এই ছবিটা আমাদের সবার কাছে ভালোবাসা দিয়ে তৈরি করা একটি কাজ। শিল্পী এবং টিমের সদস্যদের মধ্যে যে শক্তি, নিষ্ঠা এবং বন্ধন তৈরি হয়েছিল, সেটাই পুরো পথচলাকে এত আনন্দময় করে তুলেছে। আর হ্যাঁ, সেটে দুষ্টুমির আবহটা কিন্তু রাইমাই বাঁচিয়ে রেখেছিল,” বলেই হাসেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাইমা সেন বলেন, ‘ফুল পিসি  ও এডওয়ার্ড আমার কাছে ভীষণ সুন্দর এক যাত্রা। সেটের পরিবেশ সবসময় উষ্ণতায় ভরা ছিল। শুটিং শেষ হওয়ার পর সবাইকে নিয়ে এভাবে উদ্‌যাপন করতে পারাটা সত্যিই খুব বিশেষ।’