১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনের উত্তাল সময় ও কলকাতার সাতের দশকের পটভূমিতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। যেখানে তুলে ধরা হবে সেই সময়ের রাজনৈতিক, আর্থ-সামাজিক বাস্তবতার নানা দিক। ১৯৭১ সালের কলকাতা সেই সময় ঠিক কেমন ছিল? কতটা বদলেছিল মহানগরীর চেহারা? ঠিক কী কী বদল হয়েছিল সেই সব কিছু নিয়েই এই সিরিজ। এক কথায় বলতে গেলে এই সিরিজের মূল প্রেক্ষাপট ১৯৭১ সালের কলকাতা। সম্প্রতি কলকাতায় আয়োজিত হল এই সিরিজের এক প্রচারমূলক অনুষ্ঠান। বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু এই চার ভাষাতে মুক্তি পাবে এই সিরিজ। ইতিমধ্যেই চলতি মাসে প্রকাশ্যে এসেছে এই সিরিজের ট্রেলার। ‘জ্যাজ সিটি’র প্রযোজকের ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। পরিচালনায় সৌমিক সেন। মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। তাঁর চরিত্রের নাম ‘জিমি’। আরিফিনের অভিনয়ের কেরিয়ারে এটিই প্রথম বলিউড প্রোজেক্ট। সোনি লিভের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে তাঁকে ঘিরেই। চিত্রনাট্য যেমন গুরুত্বপূর্ণ এই সিরিজে, একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মিউজিকেরও। আরিফিন শুভর পাশাপাশি ‘জ্যাজ সিটি’তে রয়েছেন সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, সায়নদীপ সেন, শতাফ ফিগার। শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ। আগামী ১৯ মার্চ এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে।