মীরার অন্নপ্রাশনের গ্র্যান্ড সেলিব্রেশনে তারকার হাট

গত ২২ ফেব্রুয়ারি মীরার অন্নপ্রাশন সেরেছেন অভিনেত্রী অহনা দত্ত ও রূপটান শিল্পী দীপঙ্কর রায়। বাড়িতেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে মেয়ের অন্নপ্রাশনের পর রবিবার ১ মার্চ গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন সপরিবারে অহনা। অভিনেত্রীর সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল সেই ছবি। গোলাপি রঙের, সিক্যুইন কাজের একটি জামা, মানানসই হেয়ারব্যান্ডে সাজিয়েছেন মেয়ে ছোট্ট মীরাকে। অহনা নিজে পরেছিলেন অ্যাকোয়া ব্লু রঙের টিস্যু সিল্ক শাড়ি। তাতে ছিল সূক্ষ কারুকাজ। সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে অহনাকে লাগছিল বেশ। দীপঙ্করের পরনে ছিল পাঞ্জাবী। এদিন পর্দার জনপ্রিয় খলনায়িকার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টেলিপর্দার বহু অভিনেতা-অভিনেত্রী। এসেছিলেন রাহুল মজুমদার, প্রীতি বিশ্বাস, দিব্যজ্যোতি দত্ত, প্রারব্ধি সিংহ, বিশ্বরূপ চট্টোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, পল্লবী শর্মা প্রমুখ। মেয়ের প্রথম বড় অনুষ্ঠানে ভূরিভোজেও ছিল বিশাল আয়োজন। নানা রকমের স্যালাড, পোলাও, মাটন ছাড়াও ছিল মেনুতে নানা সুস্বাদু পদ। এর আগে ২২ ফেব্রুয়ারি মেয়ের অন্নপ্রাশনের ভিডিও ভাগ করে নেন সোশাল মিডিয়ায় অহনা। সেখানেই মীরার অন্নপ্রাশনের প্রস্তুতি থেকে গায়ে হলুদ ও মুখে প্রথম ভাত দেওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন ছোটপর্দার ‘মিশকা’। ‘পেরেন্টহুড’-এর জার্নি শুরু করার পর এটিই প্রথম অহনা ও দীপঙ্করের প্রথম বড় অনুষ্ঠান। আর তাই তাতে কোনওরকম খামতি রাখেননি তাঁরা।