আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। উইন্ডোজের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে তাঁদের ছাব্বিশে রিলিজ তালিকায় যে এই সিনেমা অন্যতম চমক, সেখবর আগেই মিলেছে। সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলিদের মতো একঝাঁক তারকামুখের সমাহারে গরমের ছুটিতে টানটান গোয়েন্দা গল্প নিয়ে নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবির বিষয়বস্তু ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল জাগিয়েছে। কিন্তু চেনা স্লট হলেও গ্রীষ্মকালীন বক্স অফিসে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পাচ্ছে না উইন্ডোজ! কারণ ওই একই দিনে ২৯ মে, ‘ডাকাত-বিপ্লবী’ অবতারে বাংলার পর্দায় ঝাঁপিয়ে পড়বেন অনন্ত সিং ওরফে জিৎ। গরমের ছুটি মানেই বাংলা সিনেমার পর্দায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার উপহার বাঁধা। কারণ এই মে মাসেই ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’ থেকে ‘হামি’, ‘বেলাশুরু’, ‘কণ্ঠ’র মতো একগুচ্ছ ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়। তবে এবার উইন্ডোজের এই একচেটিয়া গ্রীষ্মকালীন বক্স অফিসে ‘থাবা’ বসাতে চলেছেন জিৎ ! কারণ স্ক্রিনিং কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা, বৈঠকের পর পুজোর স্লট ছেড়ে চলতি বছরের মে মাসে বহু প্রতীক্ষিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটিকে মুক্তির আলো দেখাতে চলেছেন টলিউড সুপারস্টার। অতঃপর ছাব্বিশের গ্রীষ্মকালীন বক্স অফিসে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য।