শীঘ্রই ফ্লোরে ফিরছেন প্রভাত রায়। 8 মার্চ তাঁর জন্মদিন। তার আগেই জানালেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাই’ গল্প অবলম্বনে স্বল্প দৈর্ঘের ছবি বানাতে চলেছেন তিনি। ছবির নামও ‘বলাই’। শুরু হতে চলেছে ছবির শুটিং। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, অনুজয় চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ফাল্গুনি চট্টোপাধ্যায়কে। ‘প্রতিদান’, ‘প্রতিকার’ ‘লাঠি’, ‘শ্বেত পাথরের থালা’র মতো সব হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে। তালিকায় আছে আরও বহু ছবির নাম। আর এবার ‘বলাই’। নিদারুণ অসুস্থতাকে তোয়াক্কা না করে 82 বছর বয়সে ফ্লোরে ফিরতে উদ্যোগী জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। 2011 সালে ‘ভোরের আলো’র পর আর কোনও ছবি মুক্তি পায়নি তাঁর। এরপর অবশ্য 2015 সালে ‘বিরাট বাইশ’ নামের একটি অরিজিনাল ফিল্ম বানান তিনি এক স্বনামধন্য বিনোদন চ্যানেলের জন্য। ছবি প্রসঙ্গে প্রভাত রায় বলেন, “82 বছর বয়সে এসে আমি এমন একটি গল্প নিয়ে ছবি করতে চাইছিলাম, যার সঙ্গে মানুষ সহজেই নিজেকে যুক্ত করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাই’ এমনই একটি গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বহু বছর ধরে এটি স্কুলের পাঠ্যসূচিরও অংশ।” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাই’ গল্পে বলাই একজন সংবেদনশীল ছেলে। তাদের বাড়ির উঠোনে হঠাৎ জন্ম নেওয়া একটি ছোট্ট শিমুল গাছের সঙ্গে তার গভীর এক বন্ধুত্ব গড়ে ওঠে। ছোটবেলায় মাকে হারানোর পর, নিজের অজান্তেই সে তার একাকীত্ব, স্নেহ আর শৈশবের স্মৃতিগুলো সেই গাছের সঙ্গে জুড়ে দেয়। ধীরে ধীরে গাছটি তার কাছে যেন এক জীবন্ত সঙ্গীর মতো হয়ে ওঠে। পরিস্থিতির কারণে যখন তাকে পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে বোর্ডিং স্কুলে যেতে হয়, তখন সেই শিমুল গাছটাই হয়ে ওঠে তার বাড়ির সঙ্গে এবং মায়ের স্মৃতির সঙ্গে সবচেয়ে গভীর যোগসূত্র। দূরে থেকেও বলাই সেই বন্ধন আঁকড়ে ধরে রাখে এবং মনে মনে ভাবতে থাকে, তার প্রিয় গাছটি এখন কতটা বড় হয়েছে। কিন্তু বাড়িতে সেই গাছকে ঘিরে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনায় পরিবারের সবাই ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে যেন ইঙ্গিত দেয়, বলাই যে কোমল পৃথিবীটাকে পিছনে ফেলে গিয়েছিল, সে ফিরে তাকালে হয়তো সেটি আর আগের মতো থাকবে না।