ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের অ্যাকশনে ভরপুর সিনেমা ‘দ্য ব্লাফ। ইংরেজি ভাষার পাশাপাশি, দেশী গার্লের নয়া অবতার উপভোগ করা যাবে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে এই সিনেমা। ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার ইতিমধ্যেই অনুরাগীদের উত্তেজিত করেছে ৷ প্রিয়াঙ্কা চোপড়ার মারাত্মক স্টান্টসে মুগ্ধ নেটপাড়া ৷ পিগি চপসের সাবলীল অভিনয় ও বিপদজনক স্টান্টস সিনেমার ইউএসপি আরও বাড়িয়ে দিয়েছে ৷ এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কাকে যোগ্য সঙ্গত দিয়েছেন অভিনেতা কার্ল আরবানও ৷ পর্দায় তাঁর শক্তিশালী উপস্থিতি এবং লড়াইয়ের দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত এবং প্রিয়াঙ্কার পার্পল পেবল পিকচার্সের সঙ্গে AGBO প্রযোজিত ‘দ্য ব্লাফ’ 19 শতকের শেষের দিকের ক্যারিবীয় অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এরসেল ‘ব্লাডি মেরি’ বোডেনের গল্প অনুসরণ করে। তিনি একজন প্রাক্তন জলদস্যু যিনি তার হিংস্র অতীত ছেড়ে কেম্যান দ্বীপপুঞ্জে তার স্বামী এবং সন্তানের সঙ্গে শান্তিতে বসবাস করে। কিন্তু একটা সময় তার অতীত ফের ফিরে আসে ৷ নিজের অতীতের হিংস্রতা ও বিপদ থেকে মেরি কীভাবে পরিবারকে বাঁচায়, তা নিয়েই এগিয়োছে চিত্রনাট্য ৷ সিনেমায় তার পুরনো শত্রু, ক্যাপ্টেন কনর, যার চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, প্রতিশোধ নিতে ফিরে আসে। বিপদ যখন তার পরিবারকে ঘিরে ধরে, তখন এরসেল আবার তার হাতিয়ার তুলে নিতে বাধ্য হয়। এরপর শুরু হয় বেঁচে থাকার এক তীব্র লড়াই। সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন, টেমুয়েরা মরিসন এবং বেদান্তেন নাইডু। যদিও গল্পটি ক্যারিবিয়ান অঞ্চলে প্রেক্ষাপটে নির্মিত তবে শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় ৷ যেখানে কাল্পনিক দ্বীপের পটভূমি পুনর্নির্মাণ করা হয়েছিল।