৯ কোটির চেক বাউন্স মামলায় রেহাই পেলেন না রাজপাল যাদব। অভিনেতার জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি উচ্চ আদালত। আপাতত তিহাড় জেলেই থাকতে হবে রাজপাল যাদবকে। বুধবারই শোনা যায়, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে জামিন পেতে পারেন অভিনেতা। রাজপালের ম্যানেজার গোল্ডির কথাতেও তেমন ইঙ্গিতই মিলেছিল। বকেয়া না মেটাতে পারায় কৌতুকাভিনেতার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর একজোট হয়ে বলিউডও অর্যসাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিগত দু’ দিনে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার দিল্লি উচ্চ আদালতের শুনানির দিকে নজর ছিল গোটা বলিউডের। কিন্তু শেষমেশ অভিনেতার জামিন না মঞ্জুর করে দেয় আদালত। পরবর্তী শুনানি আগামী সোমবার। অর্থাৎ আরও দিন চারেক রাজপাল যাদবকে তিহাড় জেলেই থাকতে হচ্ছে।