এবার নাকি ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদ্বয় ‘রাজ অ্যান্ড ডিকে’র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান। জানুয়ারি মাসের গোড়ার দিকেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল যে, রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে’র সঙ্গে দেখা করেছেন সলমন খান। তার পর থেকেই বিনোদুনিয়ার ‘টক অফ দ্য টেবিল’ সুপারস্টারের খানের নয়া ছবির চরিত্র নিয়ে। দু’তরফে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। নতুন সিনেমার চিত্রনাট্যও বেশ মনে ধরেছে সলমনের। কানাঘুষো, ভাইজান অমত না করলেও চূড়ান্তভাবে সম্মতি দেননি। তার আগে চিত্রনাট্যে নিজের মতো করে কিছু ‘ট্যুইস্ট’ যোগ করতে চাইছেন তিনি। এদিকে পরিচালকদ্বয়ও সিনেমাটিকে বড় পরিসরে আনার পরিকল্পনা করছেন। এবার বাকিটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। সেই নয়ের দশক থেকে শুরু করে বছর কয়েক আগে ‘টাইগার’, ‘দাবাং’-এর মতো ভরপুর অ্যাকশন সিনেমায় ধরা দিয়েছেন অভিনেতা। তবে এবার শুধু অ্যাকশন অবতার নয়। রয়েছে আরও বড় টুইস্ট! জানা গিয়েছে, ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদ্বয় ‘রাজ অ্যান্ড ডিকে’র নতুন সিনেমায় অ্যাকশন অবতারে ধরা দেবেন সলমন খান। জানা গেল, হলিউডের ব্লকবাস্টার হ্যানকক-এর মতোই সিনেমা তৈরি করতে চলেছেন তাঁরা। আর সেখানেই ত্রাতা সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে সলমনকে। আভাস মিলল, সলমনের চরিত্রটি পৃথিবীকে বাঁচানোর কাজ থেকে অবসর নিতে চায়। কারণ বারবার একই কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু পরিস্থিতি তাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। এমতাবস্থায় সুপারহিরো হয়ে খেল দেখাবেন সলমন। এমনই গল্প নাকি ফুটিয়ে তুলতে চলেছেন ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদ্বয় ‘রাজ অ্যান্ড ডিকে’। জানা গেল, ২০২৬ সালের এপ্রিল মাসে সইসাবুত করবেন ভাইজান। আর নভেম্বর মাসে শুরু হবে শুটিং। আপাতত চিত্রনাট্যে শান দেওয়ার কাজ চলছে বলে জানা গেল। আর এই গুঞ্জন সত্যি হলে যে ছাব্বিশ সালে সলমনের মন্দা ফিল্মি কেরিয়ারের মোড় ঘুরতে চলেছে, তা বলাই বাহুল্য। কারণ এর আগে ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’, ‘সিটাডেল: হানি বানি’র মতো একাধিক সফল প্রজেক্ট তৈরি হয়েছে এই রাজ অ্যান্ড ডিকে জুটির হাত ধরেই। এবার তাঁদের ফ্রেমে অ্যাকশন অবতারে ভাইজান কতোটা মানানসই হন সেটাই দেখার অপেক্ষায় সকলে।