প্রয়াত সরলা মাহেশ্বরী। আট-নয়ের দশকে দূরদর্শনের সংবাদপাঠের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সংবাদ উপস্থাপিকা। জানা গিয়েছে, নয়াদিল্লির নিগম বোধ ঘাটে সরলাদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই দুঃসংবাদ প্রকাশ্যে আনা হয় দূরদর্শন চ্যানেলের তরফে। ডিডি ন্যাশনালের তরফে জানানো হয়েছে, মাহেশ্বরীদেবীর সংবাদপাঠের ধরন, তাঁর ব্যক্তিত্ব এবং সংযম তৎকালীন দর্শকমহলে সাড়া ফেলে দেওয়ার পাশাপাশি আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছিল। পোস্টে উল্লেখ, “দূরদর্শন পরিবারের তরফে শ্রীমতী সরলা মাহেশ্বরীকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি দূরদর্শনের একজন খ্যাতনামা তথা সম্মানিত সংবাদ উপস্থাপিকা ছিলেন। মৃদু কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণে যিনি নিজস্ব সংবাদপাঠের ভঙ্গিতে ভারতীয় সংবাদ জগতে তথা দর্শকমহলে বিশেষ স্থান অর্জন করেছিলেন।” মৃত্যুকালে সরলাদেবীর বয়স হয়েছিল ৭১। শুক্রবার সকালে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই শোকস্তব্ধ সংবাদজগৎ। সোশাল মিডিয়াতেও শোকপ্রকাশ করেছেন একাধিক ব্য়ক্তিত্ব এবং অনুরাগীরা। শোকবার্তা এসেছে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের তরফেও। সরলা মাহেশ্বরীর চলে যাওয়া যে ভারতীয় বৈদ্যুতিন গণমাধ্যমের এক অপূরণীয় ক্ষতি, তা বলাই বাহুল্য। একাংশ শোকপ্রকাশ করে বলছেন, “এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী সরলাদেবী আট-নয়ের দশকে সংবাদ উপস্থাপনে আসমুদ্রহিমাচলকে মুগ্ধ করেছিলেন। তাঁর প্রয়াণে স্বর্ণযুগের সমাপ্তি ঘটল।”