প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ। একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন। সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ থেকে ‘গুজ়ারিস’-এর মতো ছবিতে কাজ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। মূলত, মঙ্গলবারই প্রয়াত হয়েছেন অভিনেতা বিজয় ৷ কিন্তু সেই খবর গতকাল কারোর কাছেই পৌঁছয়নি ৷ বুধবার বেলায় অভিনেতা লিলেট দুবে, সহ-অভিনেতার মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন৷ অভিনেত্রী লেখেন, “মন ভেঙে গিয়েছে ৷ আমাদের সকলের প্রিয় বিজয়, 25 বছর ধরে আমাদের নাট্যজগত ও ডান্স লাইক আ ম্যান-এর সঙ্গে যুক্ত ৷ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ অসাধারণ এক অভিনেতা ছিলেন তিনি ৷ তিনি হ্যান্ডসাম, চার্মিং ও ব্রাইট ছিলেন ৷” এরপর অভিনেত্রী লেখেন, “তাঁর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার মনে আনন্দ নিয়ে আসে ৷ স্মৃতির পাতায় আজ কত কিছুই ভেসে আসছে ৷ RIP আমার জয়রাজ ৷ তোমাকে কখনও ভুলব না ৷ নিশ্চই তুমি এবার পরীদের মনোরঞ্জন করবে, ঠিক যেভাবে আমাদের করতে ৷ তাঁর স্ত্রী স্মিতা, মেয়ে নাইরিকা-ফ্রেয়ান ও গোটা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷” অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলিয়া ভাটের মা সোনি রাজদান, অনুপম খের-সহ আরও অনেকে ৷ সোনি রাজদান লিলেটের পোস্টে লেখেন, “হে ভগবান ! এটা ভীষণ কষ্টদায়ক ঘটনা ৷ আমি সেই 15 বছর বয়স থেকে তাঁকে চিনি ৷ মন খারাপ হয়ে গেল ৷” বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও শোক প্রকাশ করেন লিলেট দুবের পোস্টে ৷ তিনি লেখেন, “সত্যিই এটা হৃদয় বিদারক ঘটনা ৷ ওম শান্তি !” সইফ আলি খানের দিদি সাবা পতৌদি লেখেন, “ভীষণ খারাপ খবর ৷ আমি পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷” অভিনেত্রী হিমানি শিবপুরীও বিজয় কৃষ্ণার মৃত্যুতে শোক প্রকাশ করেন ৷ বিজয় কৃষ্ণা ভারতীয় থিয়েটারের একজন অত্যন্ত সুপরিচিত মুখ ছিলেন, যেখানে তিনি 25 বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেছিলেন। 2004 সালের ইংরেজি ছবি ‘ড্যান্স লাইক আ ম্যান’-এ তার ভূমিকার জন্য তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন ৷ মহেশ দত্তানির একটি নাটকের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সিনেমা। শোভানা, আরিফ জাকারিয়া এবং অনুষ্কা শঙ্কর অভিনীত এই ছবিটি এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। বলিউডে, 2002 সালে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় ছবিতে শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করার জন্য আজও তিনি সকলের স্মৃতি রয়ে গিয়েছেন ৷ অভিনয়ের পাশাপাশি, কৃষ্ণা গোদরেজ পরিবারের ব্যবসার মধ্যে একজন নির্বাহী পরিচালক হিসেবে সিনিয়রের ভূমিকা পালন করেছিলেন। 2021 সালে গোদরেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড থেকে পদত্যাগ করেন বিজয় কৃষ্ণা। তার স্ত্রী, স্মিতা কৃষ্ণা একজন বিশিষ্ট ব্যবসায়ী ৷ 2024 সালের শেষের দিকে, তার স্ত্রী এবং জামশেদ গোদরেজ ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের ফোর্বসের তালিকায় উল্লেখযোগ্যভাবে 22তম স্থানে ছিলেন। বিজয় কৃষ্ণার মৃত্যু নিয়ে পরিবারের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।